
চুয়াডাঙ্গা জেলা শহরের আরাম পাড়ায় মোবাইল বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে সাহিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাহিল সদর উপজেলা শহরের আরাম পাড়া এলাকায় ড্রাইভার আব্দুস সালামের ছেলে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাতে চুয়াডাঙ্গা শহরের আরাম পাড়া এলাকার আব্দুস সালাম ড্রাইভারের বাড়ির একটি ঘরে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় তিন শিশু ভিডিও দেখছিল। এ সময় হঠাৎ করেই মোবাইল বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ৯৯৯ লাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা। আগুনে দুটি ঘরের সমস্ত মালামাল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
বাড়ির মালিক আব্দুস সালাম ড্রাইভার জানান, মোবাইলে চার্জ দেওয়ার অবস্থায় শিশুরা ভিডিও দেখার সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিদ্যুতের শটশার্কেট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।