
বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি পৌঁছে দিতে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রয়েল ইসলাম (৩৫) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম জেলার বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে। আহত মো. রয়েল ইসলাম একই এলাকার মির্জাপুর গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় সূত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মোটরসাইকেলযোগে বিরল উপজেলা থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলায় বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি দিতে যাচ্ছিলেন নুর ইসলাম ও তার বন্ধু মো. রয়েল ইসলাম। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয় এবং রয়েল ইসলাম গুরুতর আহত হন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনর রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহত ব্যক্তিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা জানান, আহত রয়েল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর না হওয়ায় তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।