ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শীতসহ তিন ধরনের দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। গাজীপুরে দুর্যোগ বিষয়ক একটি গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করবেন।

তিনি আরও জানান, চলতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে, যার মধ্যে কুড়িগ্রাম জেলাও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া টিআর ও কাবিখা কর্মসূচি চলমান রয়েছে। ভবিষ্যতে কোনো এলাকায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলে বিশেষ ত্রাণ (জিআর) প্রদান করা হবে, যাতে কোনো মানুষ কষ্টে না থাকে।

ত্রাণমন্ত্রী বলেন, আজ কুড়িগ্রামে পৃথিবীর সর্ববৃহৎ কড়াইয়ের উদ্বোধন করা হলো। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের জন্য এই কড়াইয়ে খাদ্য রান্না করে বিতরণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ত্রাণমন্ত্রী,তিস্তা মহাপরিকল্পনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত