ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সড়কে জনদুর্ভোগ, রংপুরে নাগরিক কমিটির মানববন্ধন

সড়কে জনদুর্ভোগ, রংপুরে নাগরিক কমিটির মানববন্ধন

নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত চলাচলের অযোগ্য হয়ে পড়া সড়ক অবিলম্বে পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

শনিবার দুপুরে নগরীর সাতমাথা মোড় ট্রাফিক বক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিনই যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে করে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা আরও বলেন, বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চাপের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট পলাশ কান্তি নাগ, বিশিষ্ট রাজনীতিবিদ আমিন বিএসসি-সহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কার করে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সড়কটির পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নাগরিক কমিটির মানববন্ধন,রংপুর,সড়কে জনদুর্ভোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত