
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯৫ লাখ ৪১ হাজার টাকার ৪০৬ পিস ডিএনএ টেস্টের ভারতীয় কিট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার নতুনপাড়া গ্রামের একটি পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কিট উদ্ধার করা হয়।
রবিবার (১৫ মার্চ) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নতুনপাড়া বিওপির একদল বিজিবি সদস্য শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের একটি পুকুরের পাশে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ডিএনএ টেস্টের ৪০৬ পিস ভারতীয় কিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিটগুলোর আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ ৪১ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার ওসমান হোসেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ সকালে জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তের একটি ভুট্টাক্ষেতের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ডিএনএ টেস্টের ২২০ পিস ভারতীয় কিট উদ্ধার করা হয়েছিল।