
দেবহাটার পল্লীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আহত হয়েছেন। এ ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বিএনপি নেতাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামটা গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে বিএনপি নেতা মাছুম সরদার (৩২)-এর সঙ্গে পার্শ্ববর্তী আক্তার হোসেনের ছেলে রুহুল আমিন (কোপা লিটন, দা লিটন) (৪৫)-এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
সেই বিরোধের জেরে ১৬ মার্চ দুপুর ১টার দিকে রুহুল আমিন, তার ছেলে রানা হোসেন (২২) ও স্ত্রী রুপালী পারভীন (৩৮)সহ অজ্ঞাতনামা ২/৩ জন রামদা, লাঠি ইত্যাদিতে সজ্জিত হয়ে চাঁদপুর ডেল্টা মোড় সংলগ্ন আশরাফ আলীর রাইস মিলের সামনে পাকা রাস্তার পাশে বাদীর আপন ভাই মামুন হোসেন (৩৫)-এর পথরোধ করে।
এ সময় ১নং বিবাদীর হাতে থাকা রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারতে গেলে ৩নং বিবাদী তার হাত থেকে দা কেড়ে নেয়।
এরপর ১নং বিবাদী হাতে বাঁশের লাঠি নিয়ে তার মাথার পেছনের অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। এসময় ২ ও ৩নং বিবাদী তাকে এলোপাতাড়িভাবে লাথি, চড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে।
এক পর্যায়ে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা মারাত্মক আহত অবস্থায় তাকে ফেলে চলে যায়। পরে সংবাদ পেয়ে আহত অবস্থায় তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন এ বিষয়ে জানান, থানায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।