ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎক্ষেত্রে বিশ্বস্ত সেক্টর হলো রিনিউয়েবল এনার্জি: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎক্ষেত্রে বিশ্বস্ত সেক্টর হলো রিনিউয়েবল এনার্জি: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুতের ক্ষেত্রে বিশ্বস্ত সেক্টর হলো রিনিউয়েবল এনার্জি। সিরাজগঞ্জে রিনিউয়েবল এনার্জি করার মতো বহু জায়গা জমি রয়েছে। সিরাজগঞ্জে সাড়ে তিনশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে কোনো জমি খালি থাকবে না। সেখান থেকে সৌর বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে তিনি বলেন, বর্তমানে তেলের কোনো সমস্যা নেই। ইরান যুদ্ধের কারণে মানুষ অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছে। এতে একটি পেট্রোল পাম্প সারা দিনে যে তেল বিক্রি করতো এখন ২/৩ ঘন্টাতেই সেই তেল বিক্রি হচ্ছে। পেট্রোল পাম্পের ধারণ ক্ষমতার বেশি হলে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে। তেল সরবরাহ অব্যাহত রয়েছে। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে গেছে। এজন্য কালোবাজারি ও দুর্নীতি হচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এ বিষয়ে মনিটরিং করছে।

এর আগে, মন্ত্রী ওই সোলার পার্ক প্রকল্প পরিদর্শন শেষে প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

এ সময় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাসিবুল হাসান, সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, প্রকল্প পরিচালক তানবীর রহমান ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎক্ষেত্র,বিশ্বস্ত,রিনিউয়েবল এনার্জি,বিদ্যুৎমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত