ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিলো ইরান

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিলো ইরান

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ বিষয়ে অবগত একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫টি দফার জবাবে ইরানের প্রতিক্রিয়া বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে এবং তেহরান এর উত্তরের অপেক্ষায় রয়েছে।

সূত্রমতে, ইরান তার জবাবে স্পষ্ট করে দিয়েছে, শত্রু পক্ষের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) ‘আগ্রাসী ও গুপ্তহত্যার’ কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ হবে না, তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট শর্ত প্রতিষ্ঠা করতে হবে।

এছাড়াও যুদ্ধকালীন ক্ষতিপূরণ নিশ্চিত এবং সুস্পষ্টভাবে নির্ধারণ করার দাবি করেছে তেহরান। একই সঙ্গে এই অঞ্চলের চলমান (লেবাননে) সকল যুদ্ধ বন্ধ এবং ইরান সমর্থিত সকল প্রতিরোধ গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সূত্রটি আরও জানায়, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব একটি স্বাভাবিক ও আইনগত অধিকার এবং তা অব্যাহত থাকবে বলে অবশ্যই আইনি স্বীকৃতি দিতে হবে। এছাড়াও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর কয়েক দিন আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, বর্তমান সব শর্তের সঙ্গে সেগুলোও যুক্ত হবে।

সূত্রটি ব্যাখ্যা করেছে, ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধ এবং চলমান যুদ্ধ, উভয় সময়েই যুক্তরাষ্ট্র আলোচনার ছলেই যুদ্ধ শুরু করেছিল। এবারও তারা আলোচনার মিথ্যা অজুহাতে নতুন অপরাধের পথ প্রশস্ত করতে চাইছে।

সূত্র: তাসনিম নিউজ

আবা/এসআর/২৬

যুক্তরাষ্ট্র,প্রস্তাব,জবাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত