
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শহরের পিচ মোড় থেকে ৫৭৬ বোতল ফেনসিডিলসহ আলিম হোসেন (৩৬) ও জনি (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। আটকৃত আলিম হোসেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছি গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে এবং জনি একই গ্রামের বাবু জমাদারের ছেলে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনাটি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার পিচ মোড় এলাকায় ওৎ পেতে থাকে। এ সময় সীমান্ত থেকে ছেড়ে আসা জীবননগরগামী একটি প্রাইভেটকারকে গতিরোধ করে আলিম হোসেন ও জনিকে আটক করা হয়।
প্রাইভেটকার তল্লাশি করে ৫৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের দুপুরেই চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।