ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে বিয়ের দাবিতে যুবতীর সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে বিয়ের দাবিতে যুবতীর সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে মাহমুদা সিকদার লিজা (৩৭) নামে এক যুবতী বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের লিজা প্রেমিক মেঘজিন শেখের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ করে স্ত্রীর স্বীকৃতি দাবি করে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে যুবতী লিজা দাবি করেন, একই গ্রামের মৃত সাফাজউদ্দিন শেখের পুত্র মো. মেঘজিন শেখ (৪৬)-এর সঙ্গে আমার পূর্ব হতে সুসম্পর্ক ছিল। আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে আমার কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নেয়। তার স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও আমার টাকা-পয়সা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিপ্রায়ে তার ভাগ্নি শালিমা বেগমের সহযোগিতায় আমাকে শরিয়তসম্মতভাবে কলেমা পড়িয়ে বিবাহ করে এবং আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবে বলে প্রতিশ্রুতি দেয়। আমার সঙ্গে এক বছর সংসারও করে। আমি সরল বিশ্বাসে আমার কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা দেই। কিন্তু পরবর্তীতে আমার কোনো খোঁজখবর নেয় না। আমি স্ত্রীর মর্যাদা চাইতে গেলে সে বিভিন্ন টালবাহানা করতে থাকে।

পরবর্তীতে আমি বাধ্য হয়ে মেঘজিন শেখ ও শালিমা বেগমের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। পরে তারা বিষয়টি জানতে পেরে আমার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়। এরই জেরে গত পহেলা মার্চ দুপুর আনুমানিক ২টার সময় আমি মামলা দায়ের করার কারণে দক্ষিণ পাইকপাড়া কামাল শেখের বসতবাড়ির পশ্চিম পাশে ইটের সলিংয়ের রাস্তার ওপর মেঘজিন শেখ ও তার আত্মীয়-স্বজনরা কৌশলে আমাকে একা পেয়ে এলোপাথাড়িভাবে উপর্যুপরি কিল-ঘুষি, লাথি মেরে এবং কাঠের ডাসা দিয়ে পিটিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করে।

লিজা আরও বলেন, মেঘজিনের প্রথম স্ত্রী সুজাতা আক্তার যুথিও আমাকে মারধর করে। এ সময় আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়। আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়।

লিজা আরও বলেন, মেঘজিন শেখের কাছে আমি যাতে স্ত্রীর মর্যাদা পেতে পারি এবং আমার স্বর্ণালংকার ও টাকা-পয়সা ফেরত পাই এবং নিরাপদে জীবনযাপন করতে পারি—এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সাংবাদিকদের সংবাদ প্রকাশ করে সহায়তা করার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলন,যুবতী,বিয়ের দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত