ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

রংপুরে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

রংপুরে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের নব্দীগঞ্জে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

রংপুর জেলা প্রশাসন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, বৃক্ষ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন ফুল-ফল, খাদ্য ও বিভিন্ন সামগ্রী পেয়ে থাকি। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নাই। বৃক্ষরোপণ কেবল গাছ লাগানো নয়, বরং দুর্যোগ মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গড়তে একটি অপরিহার্য সামাজিক আন্দোলন। এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে তাদের বৃক্ষরোপণ বান্ধব মানসিকতা তৈরি হবে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে।

এজন্য তিনি বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশ সুরক্ষায় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. নূরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. রমিজ আলম, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক, কল্যাণী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া বেগমসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান কল্যাণী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ করেন। সেইসাথে তিনি প্রাথমিক বিদ্যালয় ও কল্যাণী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

রংপুর,বৃক্ষরোপণ,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত