ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে লটকনের বাম্পার ফলনে বাবুর সাফল্য

বীরগঞ্জে লটকনের বাম্পার ফলনে বাবুর সাফল্য

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লটকন চাষে সাফল্যের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের কৃষক মো. রাশেদুন নবী বাবু নিজের বসতভিটায় ২৫ শতাংশ জমিতে লটকনের বাগান গড়ে তুলেছেন। তার এই উদ্যোগ এখন এলাকায় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

কৃষক রাশেদুন নবী বাবু প্রতিবেদককে জানান, আমি শখের বসে প্রায় ৭ হাজার টাকা ব্যয়ে গড়ে তোলা এ বাগানে মোট ৩৫টি লটকন গাছ রয়েছে।

চলতি মৌসুমে প্রায় প্রতিটি গাছেই ব্যাপক ফলন দেখা গেছে। কম খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় লটকন চাষে আগ্রহ বাড়ছে। তুলনামূলক কম পরিচর্যা ও কম খরচে লটকন চাষ করা সম্ভব। সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়, যা বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, বীরগঞ্জের ৫ নং সুজালপুর ইউনিয়নে লটকন চাষের এই উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। লটকন একটি পুষ্টিকর ও উপকারী ফল, যা কম খরচে চাষ করা যায়। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, ইতোমধ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে বাগানটি পরিদর্শন করা হয়েছে এবং ভালো ফলনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ বাড়লে বীরগঞ্জে লটকন চাষ বাণিজ্যিকভাবে বিস্তৃত হবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাবুর সাফল্য,বাম্পার ফলন,লটকন,বীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত