
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. আদিব নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার বিকেলে উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার একটি কলাবাগানের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক আদিব সিংনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টায় সীমান্ত পিলার ৭৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার আবুল হোসেনের কলাবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি।
হাবিলদার লতিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, দুটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেলসহ আদিব নামের এক যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।