
দিনাজপুরে একটি চেক বিতরণ অনুষ্ঠানে ফুল না নিয়ে ওই টাকা দিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি ফুল না নিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করেন।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যান।
এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মাইকে ঘোষণা দেন যে প্রধান অতিথি অনুষ্ঠানে কোনো ফুল গ্রহণ করবেন না। ফুল বাবদ যে টাকা খরচ হতো, তা দিয়ে মন্ত্রীর নির্দেশনায় জায়নামাজ ও গীতা সংগ্রহ করা হয়েছে। ফুলের পেছনে অপচয়ের পরিবর্তে জায়নামাজ ও গীতা বিতরণ করা হবে।
প্রধান অতিথি মঞ্চে আসার পর বক্তব্যের আগেই, যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়, ঠিক সেভাবে ফুল গ্রহণের পরিবর্তে জায়নামাজ ও গীতা প্রদান করেন।
এই ঘোষণা আসতেই অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে মন্ত্রীর প্রশংসা করেন। পরে মন্ত্রী ২৭ জনকে জায়নামাজ ও ৬ জনকে গীতা প্রদান করেন।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. নিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন মো. আসিফ ফেরদৌস।