ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘শান গ্যাং ফা জিয়ান’

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘শান গ্যাং ফা জিয়ান’

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রাইডের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জাহাজটি বন্দরে আসার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা দশম জাহাজ।

নজরুল ইসলাম শনিবার (৪ এপ্রিল) জানান, ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এ জাহাজে। ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে লাইটারিং (ছোট জাহাজে খালাস) করা হবে। অন্তত দুই ট্রিপ বা দুটি ছোট অয়েল ট্যাংকারে একবারে লাইটারিংয়ের কাজটি করা সম্ভব।

আশা করা হচ্ছে, আজ রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়বে বড় জাহাজটি। শুক্রবার দুপুরে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা একটি জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে। সেটি রোববার বন্দর ছেড়ে যাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা তেল-গ্যাসের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

‘শান গ্যাং ফা জিয়ান’,চট্টগ্রাম বন্দর,৩৪ হাজার টন ডিজেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত