ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে টাকা না পেয়ে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামে টাকা না পেয়ে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে আজিমুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজিমুল ইসলাম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের অটোচালক ফজলুল হকের ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আজিমুল ইসলাম বাড়িতে এসে বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। কিন্তু তার অটোচালক বাবা আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এ সময় তার মা বিষয়টি টের পেয়ে দ্রুত রশি কেটে ছেলেকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

আজিমুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন। বিকেল ৩টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। আর্থিক সংকটের কারণে তার চাহিদা পূরণ না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।”

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শিক্ষার্থীর আত্মহত্যা,বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী,টাকা না পেয়ে,কুড়িগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত