ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে পাচারের সময় আট বাংলাদেশিকে উদ্ধার, আটক ২

ভারতে পাচারের সময় আট বাংলাদেশিকে উদ্ধার, আটক ২

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চারজন শিশুসহ আটজন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজন পাচারকারীকে আটক করা হয়।

রোববার (৫ এপ্রিল) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃতরা হলেন— রাকিব মোল্লা (৩৭), নাইসমিনা খানম (৩০), লিমন মোল্লা (১৩), সাথী খাতুন (২৫), ফাতেমা খাতুন (১০), রিহান মোল্লা (৫), ফারিয়া খাতুন (২) ও ইসমাইল মোল্লা (১)। তারা নড়াইল জেলার লোহাগড়া থানার দোয়া মল্লিকপুর গ্রামের বাসিন্দা।

আটককৃত পাচারকারীরা হলেন— জীবননগর উপজেলার বেনিপুর মাঠপাড়া গ্রামের ইসরাফিল হোসেন (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেদনীপুর সীমান্তে ওত পেতে ছিল। এ সময় ৩/৪ জন পাচারকারী চার শিশুসহ আটজন বাংলাদেশিকে ভারতে পাচারের চেষ্টা করে। এ সময় তাদেরকে ধাওয়া করে আটজনকে উদ্ধার এবং দুইজন পাচারকারীকে আটক করা হয়।

পাচারকৃত রাকিব মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যায় তাদেরকে ভারতে চাকরি দেওয়ার কথা বলে সীমান্তে নিয়ে আসে। এরপর তাদের কাছে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় দালালরা। শনিবার ভোরের দিকে তাদেরকে সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় পুলিশ আটক করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকজন পাচারকারী তাদেরকে ভারতে চাকরি দেওয়ার কথা বলে মেদনীপুর সীমান্তে জড়ো করে। এ খবরের ভিত্তিতে পুলিশ সীমান্ত অবস্থান করে। এরপর ভারতের পাচারের সময় তাদেরকে উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকারীদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ভারত,পাচার,বাংলাদেশি,উদ্ধার,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত