
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেতের আইল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র এলাকা থেকে ওই মরদেহ ’উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম জয় ইসলাম ওরফে জলিল (২৭)। তিনি বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র প্রামানিক পাড়া এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।
জানা যায়, রোববার রাতে হাবলু হাট বাজার থেকে বাড়িতে ফিরে রাতের খাবার শেষে পাশের একটি ছোট বাজারে যান জয় ইসলাম ওরফে জলিল। পরে বাড়িতে ফিরে নিজ কক্ষে শুয়ে পড়েন।
পরবর্তীতে রাতের কোনো এক সময় তার বাবা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মৃতের চাচাতো ভাই আইনুল ও প্রতিবেশী বেলাল বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের আইলে জয় ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি ঘিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলেও জানান তিনি।