
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজান (২৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর নামক সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে মিজানুর সীমান্তের পাশে ভুট্টাক্ষেতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে একটি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিজিবির কোনো মন্তব্য পাওয়া যায়নি।