
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বোরো ও আউশ ধানের জাতের পরিচিতি, চাষাবাদ কলাকৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী বিনা উপকেন্দ্র, রংপুরের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর সহযোগিতায় এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর অঞ্চলের বীজ প্রত্যয়ন অফিসার ড. পলাশ সরকার।
বিশেষ অতিথি ছিলেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম এবং রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোছা. রাহেলা পারভিন।
বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রশিক্ষণ প্রদান করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিষ্ণু পদ রায়, বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাব্বের রহমান প্রমুখ।
বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম বলেন, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় চলতি বছর সার ও বীজ কৃষি প্রণোদনা দিয়েছে সরকার।
তিনি আরও বলেন, চলতি বোরো মৌসুমে ৮ জেলার ৫৯টি উপজেলায় ৯০টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এতে করে কৃষকদের হাতে-কলমে পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে প্রতি বছর আউশ চাষ সম্প্রসারণে সন্তোষজনকভাবে চাষ হচ্ছে। একই সঙ্গে কম সেচে অতিরিক্ত ধান উৎপাদনে আউশ চাষে সরকারি উদ্যোগের প্রশংসা করা হয়।
তিনি আরও বলেন, অনুকূল পরিকল্পনা, সরকারি সহায়তা ও কৃষকদের আগ্রহে চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সংশ্লিষ্টরা আশাবাদী।