
রংপুরে পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ইটভাটা মালিককে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত র্যাব-১৩, রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মিঠাপুকুর উপজেলার ভগবতীপুর ও রামপুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন, পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা, অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমনসহ বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় চারটি ইটভাটা মালিকের বিরুদ্ধে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রবিউল প্রামানিক (আর আর ব্রিকস) ৫ লাখ টাকা, নাজমুল ইসলাম (এল কেএস ব্রিকস) ২ লাখ ৫০ হাজার টাকা, সাজেদুল ইসলাম ৪ লাখ টাকা এবং রবিউল ইসলাম ৪ লাখ টাকা।
র্যাব-১৩ জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিধান লঙ্ঘনের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।