
চুয়াডাঙ্গা সদর উপজেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেল কম দেওয়া, ভোজ্য তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ফিলিং স্টেশন-সহ তিনটি প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান নেতৃত্বে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় মেসার্স মনিরুল ফিলিং স্টেশনে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে মালিক মনিরুল ইসলামকে ৪৮ ধারায় ৬০ হাজার টাকা, এবিএম স্টোরে বোতলজাত ভোজ্য তেল (সয়াবিন) দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করায় মালিক আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা ও হাসান স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে স্টোরের মালিক হাসানকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।