
চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা করার অপরাধে দুইজনকে ৫ দিনের জেল ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ তেল পাম্পে এ ঘটনা ঘটে।
এ সময় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)-কে ৫ দিনের জেল প্রদান করা হয় এবং সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলাম (২৯)-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েকজন যুবক সকালে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তারা পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের আটক করে। পরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে জরিমানা করা হয়।
দুপুরে সাজাপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।