
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে টহল চলাকালে বনদস্যু উপস্থিতি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বন বিভাগ। এ সময় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বন বিভাগের নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। সুন্দরবনের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ জানায়, শুক্রবার বিকেলে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টহল দল কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বনের ভেতরে কয়েকজন সন্দেহভাজন দুর্বৃত্তের উপস্থিতি টের পান টহল দলের সদস্যরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে টহল দল ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে বনদস্যুরা দ্রুত গহীন জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বলে জানায় বন বিভাগ।
পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) এবং চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার আলামত বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সুন্দরবনে জেলে ও মৌয়ালদের নিরাপত্তায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ সময় ৭-৮ জন দুর্বৃত্তের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করা হলে তারা পালিয়ে যায়। পরে তল্লাশিতে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।