
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নূর মোহাম্মদ শিহাব (২৮) তেল পাওয়ার জন্য নিজের গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করেছেন।
তিনি ওই উপজেলার জামতৈল বাজারের ভাই ভাই ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ওই যুবক সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড়ের পার্ক ফিলিং স্টেশনে তেল নিতে যায় এবং তার কাছে ফুয়েল কার্ড না থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরদিন সে কার্ড সংগ্রহ করলেও নতুন সমস্যায় পড়ে। কার্ডটি আকারে বড় হওয়ায় সঙ্গে বহন করতে অসুবিধা হচ্ছিল। পাম্পে গেলে বারবার কার্ড দেখাতে বলা হয়। মোবাইলে ছবি দেখিয়েও কাজ হচ্ছিল না। এ কারণে সে অভিনব এক বুদ্ধি খাটিয়ে গেঞ্জির সামনে নিজের নাম, ছবি ও পরিচয় এবং পেছনে তেল নেওয়ার তারিখ ও নির্দেশনা প্রিন্ট করে নেয়।
এদিকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণের সরকারি সিদ্ধান্তকে ঘিরে ওই যুবকের অভিনব গেঞ্জি প্রিন্ট নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।