
কক্সবাজারের মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটগুলোতে ফ্রি ইন্টারনেটের আওতায় আনার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশে ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
একই সাথে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ফিশিং ট্রলারসমূহের নিরাপত্তার জন্য স্যাটেলাইটের মাধ্যমে তাদের ইন্টারনেটের আওতায় আনার জন্য সরকার গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত “সবার জন্য ইন্টারনেট” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দেশের চারটি এয়ারপোর্টকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেসসহ চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ইন্টারনেট সার্ভিস দেওয়া হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বক্তব্য রাখেন।
সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুফলের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে এর সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরে কক্সবাজারে আইকনিক রেল স্টেশনে যাত্রী সাধারণের জন্য ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রম উদ্বোধন করেন এবং সাবমেরিন ক্যাবল স্টেশন পরিদর্শন করেন।