ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কিস্তি নিয়ে হামলায় যুবক নিহত, মূলহোতা গ্রেপ্তার

কিস্তি নিয়ে হামলায় যুবক নিহত, মূলহোতা গ্রেপ্তার

কক্সবাজারে এনজিওর কিস্তি নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনা জানাজানির ২ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সদরের ঝিলংজার দক্ষিণ মুহুরী পাড়ার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত আলামত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মূল আসামি রবিউল হোসাইন প্রকাশ রবি (২৬) ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার বাসিন্দা।

নিহতের নাম মোহাম্মদ আজিম। তিনি কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকার আবদুর রহমানের ছেলে।

কক্সবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২ এপ্রিল দুপুরে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় আসামির বসত ঘরের সামনে এনজিওর কিস্তির টাকার বিষয় নিয়ে ভিকটিমের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আসামি একটি কাঠের বাটাম নিয়ে আজিমকে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুরে নিহতের ভাই মোহাম্মদ আবদুল্লাহ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে।

ওসি ছমিউদ্দিন আরও বলেন, পুলিশ সংবাদ প্রাপ্তির দুই ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

কিস্তি,হামলা,নিহত,মূলহোতা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত