
পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী মোহাম্মদ দিদার (৫০)-কে ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আহমদ মিয়ার পুত্র।
শুক্রবার সন্ধ্যা সাড়ে টায় কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর উপস্থিত লোকজন হামলাকারী মো. তৈয়ব (৫০)-কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
জানা গেছে, নিহত মো. দিদারের চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি পাইকারি দোকান রয়েছে। ৭-৮ বছর আগে ওই দোকানে কর্মচারী হিসেবে ছিলেন হামলাকারী তৈয়ব। আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় শালিস বৈঠকও হয়েছে। এতে তৈয়ব মোটা অঙ্কের টাকা দাবি করেন। তবে তাদের বিরোধটি মীমাংসাও হয়েছিল।
এদিকে প্রতি শুক্রবারের মতো ব্যবসায়ী দিদার গ্রামে বাবা ও মুরব্বিদের কবর জিয়ারত করতে যান। বাড়ির কাজ শেষ করে নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন তিনি। আগে থেকে মইজ্জারটেকে তৈয়ব ওঁত পেতে থেকে ইট দিয়ে ব্যবসায়ীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ী মারা যান।
এসময় উপস্থিত লোকজন হামলাকারীকে আটক করে শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ের পুলিশ বক্সে হস্তান্তর করেন।
ব্যবসায়ীর চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী দিদারকে হত্যা করা হয়েছে। হামলাকারীকে জনতা আটক করে পুলিশ বক্সের পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার (ওসি) শাহীনুর রহমান জানান, আর্থিক লেনদেন নিয়ে দুইজনের মধ্যে কিল-ঘুষি মারামারি হয়েছে।
এসময় ঘটনাস্থলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন ব্যবসায়ী। স্থানীয় লোকজন হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।