
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন।
এর আগে, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ক্লাবের নিজস্ব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে অ্যাডভোকেট নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মো. সোলেমান ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হন।
যুগ্ম সম্পাদক পদে মো. কামরুল ইসলাম ২৫ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. নুরে আলম ফয়েজউল্লাহ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা ও নির্বাহী সদস্য পদে মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও একটি নির্বাহী সদস্য পদ শূন্য রয়েছে।
প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে সাতটি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচিত নতুন কমিটি আগামী ২ বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।