
চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলার দেহাটি পিয়াস ফিলিং স্টেশনে অবৈধভাবে ৩০ লিটার ডিজেল মজুদের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার ও জীবননগর বালিহুদায় অবৈধ তেল মজুদের দায়ে অপর এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের পিয়াস ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় অবৈধভাবে তেল মজুদের অপরাধে পেট্রোলিয়াম আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলাম-কে ২ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে একই আদালত উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের অপরাধে আতিয়ার রহমান-কে ৫০০ টাকা জরিমানাসহ ৭ দিনের কারাদণ্ড প্রদান করার হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জমির উদ্দিন জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার পিয়াস ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ম্যানেজার নজরুল ইসলাম ও বালিহুদা গ্রামের আতিয়ার রহমান-কে জরিমানা-কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, পুলিশ, বিজিবি ও প্রশাসনের যৌথ টাস্কফোর্সের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ও বিজিবির এডি উপস্থিত ছিলেন।
এসময় অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।