
অনুদানভুক্ত ১৫১৯টিসহ সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন দাবিতে রংপুরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৫ এপ্রিল) এ কর্মসূচি পালিত হয়।
এদিন বেলা ১২টার দিকে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রংপুর জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট ও শিক্ষক পরিষদের নেতারা। পরে তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা দেয়। এর মধ্যে অনুদানভুক্ত ১৫১৯টি মাদ্রাসার এমপিও আবেদন অনলাইনে গ্রহণ ও যাচাই-বাছাই সম্পন্ন হলেও এখনো তালিকা ও গেজেট প্রকাশ করা হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে।
এতে আরও বলা হয়, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড এসব মাদ্রাসাকে স্বীকৃতি দেয়। ১৯৯৪ সালে তৎকালীন সরকার ১৫১৯টি প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ভাতা চালু করে। পরে ২০০১ সালে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তি চালু হলেও, ২০১৩ সালে বিপুলসংখ্যক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সেই সুবিধা পায়নি।
নেতারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলার কারণে হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বেতন-ভাতা ও চাকরির নিশ্চয়তা না থাকায় মেধাবীরা এ পেশায় আগ্রহ হারাচ্ছেন। তারা দ্রুত জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবি জানান।
তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এ খাতের দীর্ঘদিনের বৈষম্য দূর করে জাতীয়করণ বা এমপিওভুক্তির প্রক্রিয়া বাস্তবায়ন করবে।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ঐক্যজোটের রংপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওয়ায়েত উল্ল্যাহ, শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মোজাম্মেল হক, সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক একরামুল হকসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা।