ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারি সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে বালু উত্তোলন হবে না: এমপি মানিক

সরকারি সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে বালু উত্তোলন হবে না: এমপি মানিক

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সরকারি কোনো সিদ্ধান্ত ছাড়া মেঘনা নদী থেকে কেউ কোনোভাবে বালু উত্তোলন করতে পারবে না। বিগত দিনে চাঁদপুরে বালু উত্তোলন নিয়ে গন্ধ রয়েছে, সেটি বারবার সামনে আসে। বালু উত্তোলন করা যেখানে প্রয়োজন, সেখানে গবেষণা করে, সংশ্লিষ্টদের মতামত নিয়ে উত্তোলন করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান-এর সাথে জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, সম্প্রতি হাইমচরের চরভৈরবী গাজীনগর এলাকায় নদী ভাঙন প্রতিরোধ বাঁধের সাথে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি আলোচিত। আমি ঘটনার দিন সংসদে ছিলাম। আমার নির্দেশনার পূর্বেই পানি উন্নয়ন বোর্ড ও আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছে। এমন বাঁধ সংলগ্ন নদীপাড় থেকে ড্রেজার দিয়ে মাটি কাটা খুবই বিরল।

তিনি বলেন, বালু উত্তোলনের সাথে আমাদের বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নেই। হাইমচরের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা এই ঘটনার পর আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে এবং তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। আজকে এই সভায় সরকারি ও বিরোধী দলের নেতারা উপস্থিত আছেন, যে কারণে বিষয়টি স্পষ্ট করে বলে রাখলাম।

সভায় আরো বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমিতির নেতারা সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, জ্বালানি তেল সংকট, যানজট নিরসন ইত্যাদি বিষয়গুলো মতবিনিময় সভায় আলোচনা হয়।

সভার সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সুধী মহলের বক্তব্য শোনেন এবং সকলের সহযোগিতা নিয়ে জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সরকারি সিদ্ধান্ত,মেঘনা,বালু উত্তোলন,এমপি মানিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত