ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজ শেষে স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে তিনি হাবিবুর রহমান, তার স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং থানায় খবর দেয়। পরে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হত্যা,নওগাঁ,নিয়ামতপুর,চারজন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত