
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় বজ্রপাতে স্কুল ছাত্র আজিম উদ্দিন (১৪) ও কৃষক রাসেল উদ্দিন (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আজিম উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে এবং মেমনগর বিডি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। নিহত কৃষক রাসেল উদ্দিন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আজিম উদ্দিন তার বাবার জন্য দামুড়হুদা উপজেলার পারকৃষ্টপুর গ্রামের মাঠে খাবার নিয়ে যায়। বাবা তাজিমুলকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে এতে আজিম উদ্দিন ঘটনাস্থলাই নিহত হন।
এছাড়া একই সময় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রাসেল উদ্দিন বাড়ির পার্শ্ববর্তী মাঠে কৃষি জমি থেকে তামাকের জ্বালানি সংগ্রহ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।