ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চিরিরবন্দরে লিচু বাগান ঘিরে মধু উৎপাদনের সম্ভাবনা

চিরিরবন্দরে লিচু বাগান ঘিরে মধু উৎপাদনের সম্ভাবনা

দিনাজপুরের চিরিরবন্দরে লিচু বাগানকে কেন্দ্র করে তৈরি হয়েছে মধু উৎপাদনের নতুন সম্ভাবনা। লিচুর মুকুলে মৌ মৌ সুবাসে আকৃষ্ট হয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বাগানে ভিড় জমাচ্ছে। বসানো বাক্সে রানী মৌমাছি ও অসংখ্য কর্মী মৌমাছি মুকুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে।

এপিস মেলিফেরা জাতের মৌমাছিগুলো লিচুর ফুল থেকে মধু সংগ্রহ করে নিজ নিজ মৌচাকে জমা করছে। পাশাপাশি পরাগায়ন বাড়ায় এ বছর লিচুর ফলনও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছেন চাষিরা।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, এসব বাগান থেকে প্রায় ৩০ মেট্রিক টন মধু সংগ্রহ সম্ভব, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চিরিরবন্দরে প্রায় ৫৯০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। গাছের ডালজুড়ে মুকুল থাকায় মধু সংগ্রহের পাশাপাশি ফলনও গত বছরের তুলনায় বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাভজনক হওয়ায় অনেক কৃষক এখন লিচু চাষে আগ্রহী হচ্ছেন এবং বাগান গড়ে তুলছেন।

দেশের বিভিন্ন জেলা—নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর থেকে আসা মৌচাষিরা বাগানে বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন।

টাঙ্গাইল থেকে আসা একদল মৌচাষি জানান, তারা আধুনিক পদ্ধতিতে ব্রুড ও নিউক্লিয়াস বাক্স ব্যবহার করে চাষ করছেন এবং প্রতি সপ্তাহে তিন দিন ধরে প্রতিটি বাগান থেকে ৩ থেকে ৫ মণ পর্যন্ত মধু আহরণ করা হচ্ছে।

ফরিদপুর থেকে আসা এক মৌচাষি বলেন, প্রতি বছরই তিনি এখানে মধু সংগ্রহ করতে আসেন। তবে এ মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে কিছুটা উৎপাদন কম হলেও বাজারদর ভালো থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন।

আউলিয়াপুকুর ইউনিয়নের এক লিচু চাষি জানান, তার বাগানে প্রায় ২০০টি বিভিন্ন জাতের লিচু গাছ রয়েছে। এ বছর গাছে প্রচুর মুকুল এসেছে এবং মৌমাছির কারণে পরাগায়ন ভালো হওয়ায় ফলনও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, মৌমাছির মাধ্যমে পরাগায়ন হলে লিচুর উৎপাদন প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে রোগবালাই কমে এবং কীটনাশকের ব্যবহারও কম প্রয়োজন হয়, ফলে খরচ কমে লাভ বাড়ে।

তিনি জানান, বর্তমানে উপজেলায় অন্তত ৪০০টির বেশি মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে। যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা পেলে ভবিষ্যতে এই খাত থেকে আরও বেশি উৎপাদন ও আয় সম্ভব।

মধু উৎপাদনের সম্ভাবনা,লিচু বাগান,চিরিরবন্দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত