
সুন্দরবন উপকূলের টেকসই উন্নয়নের লক্ষ্যে পৃথক ‘উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়’ গঠন এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি তাদের ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলন করেছে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল জানান, সাতক্ষীরা খাদ্য ও রাজস্ব উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জেলাটি মারাত্মক সংকটে রয়েছে। এর ফলে কর্মসংস্থানের অভাব ও জনবসতি স্থানান্তরের হার বৃদ্ধি পাচ্ছে।
সংবাদ সম্মেলনে কৃষি ও অর্থনীতি রক্ষায় আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে ২১ দফা কর্মসূচির মধ্যে প্রধানত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেললাইন সংযোগ, ভোমরা ও বসন্তপুর বন্দর পূর্ণাঙ্গ করা, মেডিকেল কলেজ চালু, বিশেষ শিল্পাঞ্চল গঠন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসন এবং জেলা ও পৌরসভার জন্য মহাপরিকল্পনা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরা হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সনাকের সাবেক সভাপতি হেনরি সরদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিপিবির আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, শ্রমিক নেতা শেখ হারুন অর রশিদ প্রমুখ।