ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় অবৈধ ডিজেল মজুদের অভিযোগে ১ জনকে জেল-জরিমানা

আলমডাঙ্গায় অবৈধ ডিজেল মজুদের অভিযোগে ১ জনকে জেল-জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে শরিফুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিন প্রথমে বিষয়টি অনুসন্ধান করেন। পরে শরিফুল ইসলামের বাড়িতে ডিজেল মজুদের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে আসাননগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে শরিফুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৬৪৫ লিটার (৩ ব্যারেল) ডিজেল জব্দ করা হয়। এ সময় জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬-এর ১৬(৪) ধারা অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদের সত্যতা পাওয়া গেছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

জেল-জরিমানা,ডিজেল মজুদের অভিযোগ,আলমডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত