
রংপুর অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিকারক, বিশিষ্ট ব্যবসায়ী এবং চেম্বারের নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে রংপুর চেম্বারের আরসিসিআই বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন।
সভায় শুরুতে চেম্বার প্রেসিডেন্ট বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং রংপুরস্থ ইন্ডিয়ান ভিসা অফিস পুনরায় দ্রুত চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করতে আমদানি-রপ্তানিকৃত মালামাল খালাসে বিভিন্ন সমস্যা, ভিসার মেয়াদ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনারের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যাগুলো সরকারের উচ্চ মহলে উপস্থাপনের পাশাপাশি এ অঞ্চলের ব্যবসায়ীরা যাতে ব্যবসা-বাণিজ্যকে গতিশীল করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।