ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চিরিরবন্দরে পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

চিরিরবন্দরে পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ সবজি চাষের লক্ষ্যে SACP-RAINS প্রকল্পের আওতায় উপজেলার শত শত কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনপদে পুষ্টির চাহিদা পূরণ এবং পারিবারিক আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এবং গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম (GAFSP)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। তিনি নিজ হাতে উপকারভোগী কৃষক-কৃষাণিদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের প্রয়োজনীয় বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ তুলে দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে SACP-RAINS প্রকল্পের আওতায় চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেকটিতে ৬০টি করে মোট ৭২০টি প্রদর্শনী বাগান স্থাপন করা হবে। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ১২ ধরনের উন্নত জাতের সবজি বীজ, পানি দেওয়ার ঝাঝড়ি, প্রয়োজনীয় রাসায়নিক সার ও জৈব সার। এই সামগ্রিক সহযোগিতা কৃষকদের নিজ আঙিনায় নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ সবজি উৎপাদনে সরাসরি সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার।

এ সময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সুবিধাভোগী কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।

বক্তারা এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, বাড়ির পাশের অব্যবহৃত জমিতে বাগান করার মাধ্যমে গ্রামীণ পরিবারের নারীরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

চিরিরবন্দর,পুষ্টি বাগান,উপকরণ বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত