
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে এখনো গড়ে ওঠেনি কোনো আধুনিক হাসপাতাল। এমন বাস্তবতায় চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রছাত্রী, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার (১৯ এপ্রিল) বেনাপোল বলফিল্ডের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল বাজার পর্যন্ত গিয়ে পৌঁছায়। পরে সেখানে ছাত্রছাত্রী ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে জোরালো অবস্থান তুলে ধরেন। এতে প্রায়ই ২ ঘন্টার বেশি যশোর-বেনাপোল সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় ২০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও ব্যবসায়ী কাজ করেন। এছাড়াও প্রতিদিন হাজারো যাত্রী এই বন্দর দিয়ে যাতায়াত করেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ স্থানে নেই কোনো সরকারি হাসপাতাল বা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা— যা অত্যন্ত উদ্বেগজনক।
তারা আরও জানান, জরুরি অসুস্থতা বা দুর্ঘটনার শিকার হলে রোগীদের দ্রুত যশোরে নিয়ে যেতে হয়। এতে সময় নষ্ট হওয়ার কারণে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে বেনাপোলে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি জানান এবং দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে ছাত্র-ছাত্রীদের শান্ত করার চেষ্টা করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
নাভারন সার্কেলের সরকারি পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, হসপিটাল নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে সরকার দুই থেকে তিন মাসের মধ্যে হসপিটালের কাজ শুরু হবে।
পরে ছাত্র-ছাত্রীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।