ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় রংপুরে স্বামী-স্ত্রী কারাগারে

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় রংপুরে স্বামী-স্ত্রী কারাগারে

রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২০ এপ্রিল) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত, রংপুরে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, তাজহাট থানার একটি মামলা এবং স্পেশাল ট্রাইব্যুনাল মামলায় মোছা. মায়া ইসলাম (৪৫) ও মো. শামসুল ইসলাম (৫৫)-কে দোষী সাব্যস্ত করা হয়। শামসুল ইসলাম রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার বরখাস্তকৃত সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

গত ৩১ মার্চ আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাজা দেন।

রায়ে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় প্রত্যেককে এক বছর এবং ২৭(১) ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় প্রত্যেককে চার বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সাজাপ্রাপ্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. বদরুল আলম ভূঞা তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার বাদী ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ।

দুর্নীতি,মানি লন্ডারিং,মামলা,রংপুর,স্বামী-স্ত্রী,কারাগার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত