
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠে পুরাতন ব্যাটারি মজুদ ও পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্হানীয় সুত্রে জানা গেছে, উপজেলার খয়েরহুদা গ্রামের এক স্হানীয় নেতা হুদার নেতৃত্বে খয়েরহুদা মাঠের মধ্যে পরিবেশের জন্য ও মানব দেহের ক্ষতিকর পুরাতন ব্যাটারী পুড়িয়ে শিসা তৈরী করছিলো মাঠের মধ্যে একদল অর্থলোভী গোষ্ঠি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেন এবং জীবননগর থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বেচাদহ মজমাগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুর রহমান খয়েরহুদা গ্রামের পাশে একটি ফাঁকা মাঠে অস্থায়ীভাবে কারখানা গড়ে তোলেন। সেখানে বিপুল পরিমাণ পুরাতন ব্যাটারি মজুদ করে সেগুলো পুড়িয়ে সিসা আহরণ করছিলেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে