
দিনাজপুরের বিরামপুরে ফেরত আসা অভিবাসী কর্মীদের আত্মনির্ভরশীল করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর ও দিনাজপুর প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ আয়োজনে এই পুনর্বাসন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, সরকার ফেরত আসা অভিবাসী কর্মীদের আত্মনির্ভরশীল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যা-যা সুবিধা করা প্রয়োজন, তিনি তার সাধ্য মতো সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
জেলা প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুন এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিপুল চক্রবর্তী।
প্রশিক্ষণ চলাকালীন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবাস ফেরত কর্মীদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের দেশেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। গবাদিপশু পালন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা যেন স্থানীয়ভাবে সফল উদ্যোক্তা হতে পারেন, সে বিষয়ে তিন দিনব্যাপী এই কোর্সে বিস্তারিত কারিগরি জ্ঞান প্রদান করা হবে। বর্তমান সময়ে গবাদিপশু পালনের আধুনিক পদ্ধতি এবং রোগব্যাধি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এই প্রকল্পের অন্যতম দিক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত আসা কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী কাজ করছে।
দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১০ জন বিদেশ ফেরত কর্মী এই প্রশিক্ষণে সরাসরি অংশ নিচ্ছেন। এর আগে তারা প্রবাস থেকে ফিরে এসে বেকার অবস্থায় দিন পার করছিলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নতুন করে স্বপ্ন দেখছেন বলে জানান। পর্যায়ক্রমে জেলার অন্যান্য অঞ্চলের অভিবাসী কর্মীদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।