
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে আবারও ৪২টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ভারানি ও ছেড়ার খাল এলাকা থেকে এসব ফাঁদ জব্দ করা হয়।
বুধবার (২২ এপ্রিল) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সুন্দরবনের ব্যারাকখাল থেকে আরও ৪১টি ফাঁদ জব্দ করা হয়। এ নিয়ে গত দুই দিনে সুন্দরবন থেকে ৮৩টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। তবে, এই সময়ে বনবিভাগের সদস্যরা কোনো চোরাশিকারীকে আটক করতে সক্ষম হননি।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের ভারানি ও ছেড়ার খাল এলাকায় কয়েকজন চোরাশিকারী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদের নেতৃত্বে বনবিভাগের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় বনের ভেতরে পেতে রাখা ৪২টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়। তবে, বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জব্দকৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুন্দরবনের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য পেলে দ্রুত বনবিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
তিনি আরও জানান, বনবিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।