
বীরগঞ্জে ২ টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত বেসরকারি ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টার তদারকি অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টার দুটিতে অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িকভাবে বন্ধ রাখার এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে স্থায়ী ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনাকালীন সার্বিক সহযোগিতায় ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বকর সিদ্দিক, বীরগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম, এসআইটি ও মো. হারুন-অর-রশিদ এবং বীরগঞ্জ থানা পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।
এক সাক্ষাৎকারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বীরগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র বৈধতা রয়েছে। অবশিষ্ট ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন ধরে বিনা কাগজপত্র ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সচেতন মহল দিনাজপুর জেলা সিভিল সার্জনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।