ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা, মারধর ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মৃত নুরু মোহাম্মদের ছেলে তরিকুল ইসলাম বিলকু, আজিজুল হক, তরিকুলের স্ত্রী হালিমা খাতুন (হালি), নেন্দ মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন, মৃত বজির উদ্দিনের ছেলে সবুজ, ইউসুফ আলীর ছেলে লিটন এবং মৃত ওহীরউদ্দিনের ছেলে এমদাদুল হক।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে ছাদেকুল ইসলাম।

তিনি বাংলাদেশ ডাক বিভাগের ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান কার্যালয়ের একজন সরকারি চাকরিজীবী।

লিখিত বক্তব্যে ছাদেকুল ইসলাম জানান, সালন্দর মৌজার ১৮৬১/২৫৯৪, ৬৩৯ ও ৬৪১ নম্বর দাগের মোট ৩৭.৪৮ একর জমি তিনি বর্গা ভিত্তিতে তরিকুল ইসলাম বিলকুকে দিয়েছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আমির আলীর মধ্যস্থতায় মৌখিকভাবে এই চুক্তি হয়।

তবে পরবর্তীতে তরিকুল ইসলাম বিলকু চুক্তি ভঙ্গ করে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী বছরে ১৬ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও অভিযুক্ত পক্ষ কোনো অর্থ দেয়নি। এ নিয়ে গত ১৮ এপ্রিল বিকেলে তিনি শ্রমিক নিয়ে জমিতে চাষাবাদ করছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৫টার দিকে তরিকুল ইসলাম বিলকু ও তার স্ত্রী হালিমাসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।

এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরদিন রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় রোড এলাকায় আবারও তার ওপর হামলার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। ওই ঘটনায় তিনি পুনরায় আহত হন এবং আবারও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ছাদেকুল ইসলাম অভিযোগ করেন, তার কোনো ছেলে সন্তান না থাকায় পরিকল্পিতভাবে জমি দখলের চেষ্টা চলছে। এ কাজে তার ছোট ভাই শরিফুজ্জামান বাবু ইন্ধন দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে ছাদেকুল ইসলামের স্ত্রী আনোয়ারা আক্তার বলেন, তার স্বামী একজন নিরীহ মানুষ এবং তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন।

ভুক্তভোগী ছাদেকুল ইসলাম দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বেদখল হওয়া জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলার অভিযোগ,জমি দখল,ঠাকুরগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত