ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সীমান্তে আটক দুই কিশোরকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

সীমান্তে আটক দুই কিশোরকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি কিশোরকে আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত আসা দুই কিশোর হলো ইন্দ্র (১৪) ও উদয় (১৪)। তারা স্থানীয় রশেয়া উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন সকাল ১১টার দিকে সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে অসাবধানতাবশত তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে প্রায় ১৫০ গজ ভেতরে গেলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে মরিচা ক্যাম্পে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী লাকি আক্তারসহ স্থানীয়রা অভিযোগ করেন, আটক করার পর কিশোর দুটিকে হাত-পা বেঁধে মারধর করে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে বিজিবি স্থানীয়ভাবে যোগাযোগ শুরু করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হয়। গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, বিজিবির দ্রুত উদ্যোগ ও যোগাযোগের কারণে শিক্ষার্থীদের স্বল্প সময়ের মধ্যে ফেরত আনা সম্ভব হয়েছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বর্তমানে দুই কিশোর বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেরত দিল বিএসএফ,৮ ঘণ্টা পর,সীমান্তে আটক,দুই কিশোর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত