
শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও অফিসার-ফোর্স অংশগ্রহণ করেন।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
তিনি অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিচালনায় অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম।
প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্ন আউট মূল্যায়ন করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এতে পুলিশ সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
প্যারেড শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে উপস্থিত সকল সদস্যকে উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং খুলনা রেঞ্জ ডিআইজি’র নির্দেশনা তুলে ধরে পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসনের এমন নিয়মিত কার্যক্রম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।