ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বরগুনায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, স্কুলের ৭ ছাত্রী আহত

বরগুনায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, স্কুলের ৭ ছাত্রী আহত

বরগুনার আমতলী ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত ছাত্রী আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনভর এসব ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে কৃষক নুরজামাল (৫৪) বৃষ্টির মধ্যে মাঠে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নিহত হন। একইদিন দুপুরে পার্শ্ববর্তী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে কৃষক খালেক হাওলাদার (৫৫) গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে বরগুনা জেলার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন হাসান সুমন জানান, খালেক হাওলাদারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ আবু সাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী নিহত নুরজামালের বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

অপরদিকে, বরগুনা সদর উপজেলার ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজে বজ্রপাতের ঘটনায় সাত ছাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় ৭০ ফুট দূরে বজ্রপাত হলে তীব্র শব্দ ও কম্পনে শ্রেণীকক্ষে থাকা ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা অসুস্থ হয়ে পড়ে।

আহত ছাত্রীরা হলো কালিমা, জান্নাতী, মরিয়ম, ইয়াসমিন, সামিরা এবং রিয়া মনি নামের দুই শিক্ষার্থী। তারা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের পরিবারকে শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে এবং চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আহত,ছাত্রী,কৃষকের মৃত্যু,বজ্রপাত,বরগুনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত