ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে গ্রামাঞ্চলে গাছপালা, শাকসবজি, বোরো ধান ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৬ এপ্রিল ভোর থেকে ২ মে দুপুর পর্যন্ত দিনাজপুর সদর, বীরগঞ্জ, কাহারোল, খানসামা, চিরিরবন্দর, বিরল, বোচাগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এ অঞ্চলের গাছপালা, শাকসবজি, বোরো ধান ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এতে ভুট্টাসহ পাকা ধান কাটা ও ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এছাড়াও ঝড়বৃষ্টির কারণে খেটে খাওয়া দিনমজুর, ভ্যানচালকসহ পরিবহন খাতের অনেকেই ঘর থেকে বের হতে না পারায় বিপাকে পড়েছেন।

স্থানীয় কৃষকরা বলেন, গত কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে এ উপজেলাগুলোতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এলাকার কৃষকদের।

বিভিন্ন উপজেলার কৃষকরা জানান, তাদের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ ধান ও ভুট্টা এখন কাটার উপযোগী হলেও টানা বৃষ্টির কারণে তা কাটতে পারছেন না। ধান ও ভুট্টা পুরোপুরি পেকে গেছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে আছে। আর কয়েকদিন এমন বৃষ্টি হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

আগে খাল দিয়ে পানি দ্রুত নেমে যেত, কিন্তু এখন খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি সহজে নামতে পারছে না।

ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, এই এলাকার অনেকেই ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ে অনেকে ভুট্টা বাড়িতে নিয়ে আসলেও তা বৃষ্টির পানিতে ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও মাঠের পর মাঠ বোরো ধান ও ভুট্টার ক্ষতি হয়েছে। অনেক স্থানে পাকা ধান ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। মাঠের ফসল নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

পালশা ইউনিয়নের আমড়া গ্রামের কৃষক মো. নাদিরুল ইসলাম বলেন, ফসলের মাঠগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন জানান, কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে বোরো ধান ও ভুট্টা। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কী পরিমাণ জমিতে বোরো ধান ও ভুট্টাসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণের কাজ করছেন।

ব্যাপক ক্ষয়ক্ষতি,ফসল,কালবৈশাখী ঝড়,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত